জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় বাহিনীর হাতে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার বিষয়টি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং ঘিরে।
বিবিসি এবং অডিও ফরেনসিক তদন্তে বিশেষায়িত অলাভজনক সংস্থা ‘ইয়ারশট’-এর যৌথ বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, কথিত রেকর্ডিংয়ে থাকা কণ্ঠস্বরটি শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে এবং রেকর্ডিংয়ে কোনো ধরনের সম্পাদনা বা কৃত্রিমতা পাওয়া যায়নি।
ফাঁস হওয়া অডিওটি, যেটিতে শেখ হাসিনা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ‘প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি’ দিচ্ছেন, ইতোমধ্যেই মানবতাবিরোধী অপরাধের মামলার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে। কথোপকথনে শেখ হাসিনা একটি অজ্ঞাতনামা ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলেন, “যেখানেই পাবে, গুলি করো।”
ইয়ারশট জানায়, রেকর্ডিংটি স্পিকারে চালানো কল থেকে ধারণ করা হয়েছে এবং এতে ইলেকট্রিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির (ENF) মতো সূক্ষ্ম কারিগরি বৈশিষ্ট্য বিদ্যমান, যা রেকর্ডিংয়ের প্রামাণিকতা নিশ্চিত করে।
এদিকে বাংলাদেশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রেকর্ডিংয়ের কণ্ঠস্বর শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে শনাক্ত করেছে।
বিবিসির তথ্য অনুযায়ী, কলটি ২০২৪ সালের ১৮ জুলাই গণভবন থেকে করা হয়েছিল। কে এই রেকর্ড ফাঁস করেছে, তা স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে, এটি ২০২৫ সালের মার্চে প্রথম অনলাইনে আসে।
মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেন, “এই রেকর্ডিং কেবল রাজনৈতিক নয়, আইনি বিচার প্রক্রিয়ার জন্যও তাৎপর্যপূর্ণ। এটি মানবতাবিরোধী অপরাধের প্রেক্ষাপটে অভিযুক্তের সরাসরি দায়ের দিকে ইঙ্গিত করে।”
তবে আওয়ামী লীগের একজন মুখপাত্র বিবিসিকে জানান, অডিওটির সত্যতা তারা নিশ্চিত নন এবং তাতে বেআইনি কিছু রয়েছে— এমনটাও প্রমাণিত নয়।
অন্যদিকে, এই রেকর্ডিং সামনে আসার পর অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজের ফেসবুক পোস্টে বলেন, “হাসিনার অডিও এসেছে, ভিজুয়ালও আসবে শীঘ্রই। সত্য চাপা থাকে না।”
এই প্রেক্ষাপটে আজ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন। এটি গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া হিসেবে ইতিহাসে স্থান নিচ্ছে।