গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণআন্দোলনের সময় ব্যাপক দমন-পীড়ন, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই তিনজনের বিরুদ্ধে মামলা হয়।
শুনানির সময় কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজ দোষ স্বীকার করে রাজসাক্ষী হতে সম্মত হন, যা বিচার কার্যক্রমে বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এদিকে পলাতক থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। তবে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দিয়ে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানি পরিচালনা করেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ আদালতে উপস্থিত ছিলেন।
এই মামলার পরবর্তী কার্যক্রম নিয়ে এখন দেশি-বিদেশি বিভিন্ন মহলে চরম আগ্রহ তৈরি হয়েছে।