প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে প্রচারিত এই ভাষণে তিনি নির্বাচনকে ঘিরে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন যেন রমজানের আগেই সম্পন্ন হয়, সে লক্ষ্যেই তিনি নির্বাচন কমিশনকে নির্দেশনা দিতে চিঠি পাঠাবেন। তিনি বলেন, “২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আমরা একটি নতুন, শক্তিশালী বাংলাদেশ গড়ার পথে সবাই একসাথে এগিয়ে যেতে পারি।”
ভাষণে তিনি নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক করার ওপর জোর দেন। ইউনূস বলেন, “এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় করে রাখতে আমরা আগামীকাল থেকেই প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করব।”
বিশেষ গুরুত্ব পেয়েছে প্রবাসী ও নারী ভোটারদের অংশগ্রহণ। প্রধান উপদেষ্টা জানান, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন কাজ করছে। পাশাপাশি নারী ভোটারদের নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটদান নিশ্চিত করতে নেওয়া হবে বিশেষ উদ্যোগ।
তিনি বলেন, “আমরা চাই, প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি যেন উদ্দীপনাময় হয়ে ওঠে।”
ভাষণের মাধ্যমে দেশের রাজনৈতিক আবহে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে চেয়েছেন ইউনূস। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।