জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এনবিআরের মতে প্রতি ১০০ জন করদাতার মধ্যে ৭০ জন শূন্য কর দেন—এ ধরনের পরিসংখ্যান বাস্তবসম্মত নয় এবং এসব তথ্য পুনরায় পর্যালোচনা করা প্রয়োজন।
বুধবার (৯ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিট’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন আর্থিক প্রতিবেদনের কাউন্সিল (FRC) চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
অর্থ উপদেষ্টা বলেন, এনবিআরের অডিটিং কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন। ১৮ লাখ রিটার্ন জমা পড়ার পরিসংখ্যানেও অসামঞ্জস্য থাকতে পারে। তাই যারা এইসব অডিট করছেন, তাদের পেশাদারিত্ব ও অন্তর্দৃষ্টির মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে।
তিনি অভিযোগ করেন, অনেক প্রতিষ্ঠান কেবলমাত্র কাগজপত্র জমা দেয়, কিন্তু সেগুলোর মান থাকে প্রশ্নবিদ্ধ। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য অডিটিং ও অ্যাকাউন্টিংকে গুরুত্ব দিতে হবে, বিশেষ করে যদি বাংলাদেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে চায়।
আর্থিক খাতের সংস্কার প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, এটি শুধুমাত্র বিশ্বব্যাংক বা আইএমএফের পরামর্শে নয়, সরকারের নিজস্ব উদ্যোগেই বাস্তবায়িত হচ্ছে। তবে এই খাতে যারা কাজ করছেন, তাদের সততা ও স্বচ্ছতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।