কানাডার বেশির ভাগ পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পদক্ষেপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে কানাডা। সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের আওতায় এই পদক্ষেপ নেওয়া হবে। রোববার কানাডা সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এসব কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে অবৈধ ও অন্যায্য বলে উল্লেখ করেছেন তিনি।
কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ঘোষণার জবাবে কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এমন কথা জানালেন ওই কর্মকর্তা। নিজের নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা অটোয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন।
ট্রাম্প তেল-গ্যাস ও বিদ্যুতের মতো জ্বালানি পণ্য ছাড়া সব ধরনের কানাডীয় পণ্যের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আর যুক্তরাষ্ট্রে কানাডার জ্বালানি আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছে। ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার থেকে কার্যকর হবে। আর জ্বালানি খাতের শুল্ক ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
জবাবে কানাডা ১ হাজার ২৫৬টি মার্কিন পণ্য, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা মোট পণ্যের ১৭ শতাংশের ওপর শুল্ক আরোপ করেছে। মঙ্গলবার থেকে এ ঘোষণা কার্যকর হবে। পণ্যগুলোর মধ্যে আছে কমলার জুস, পিনাট বাটার, ওয়াইন, বিয়ার, মোটরসাইকেল, প্রসাধনী এবং আরও অনেক কিছু। অর্থাৎ আমদানি থেকে তিন হাজার কোটি ডলার অতিরিক্ত শুল্ক আয় হবে।
কানাডীয় সরকার এক বিবৃতিতে বলেছে, তিন সপ্তাহের মধ্যে তারা আরেকটি তালিকা প্রকাশ করবে। এতে যাত্রীবাহী যান, ট্রাক, বৈদ্যুতিক যান পণ্যগুলো অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে আছে বৈদ্যুতিক যানবাহন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য, সুনির্দিষ্ট ফল ও শাকসবজি এবং মহাকাশ–সংক্রান্ত পণ্য।