একটানা ২ দিনের ও বেশি সময় ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাঝে মধ্যে বৃষ্টি থামলেও তা খুব একটা সময় দীর্ঘ হচ্ছে না। সাময়িক সময়ের ব্যবধানে আবার আবহাওয়া দখলে নিচ্ছে বৃষ্টি।
এ ভোগান্তির মধ্যেই শুক্রবার (৬ অক্টোবর) রাতে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। জানিয়েছে, শনিবার (৭ অক্টোবর) দুপুরের মধ্যে কমে আসবে বৃষ্টি। এ বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও শনিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। তবে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু আকাশ দিনভর মেঘলা থাকবে।
রোদের দেখা কবে মিলবে— এ বিষয়ে আবহাওয়াবিদ জানান, বৃষ্টি কমলেও রোদের সম্ভাবনা নেই। তবে রোববার থেকে দিন পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।
অপরদিকে আজ শনিবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে— বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।