আসন্ন এশিয়ান গেমসে ১৭ টি ডিসিপ্লিনে অংশ নিবে বাংলাদেশ। আগামী ২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ ১৯ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে। একারণেই গেমসের ভেন্যু চীনের হাংঝুতে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা অন্য সবার আগেই পৌছেছেন।
স্বাগতিক চীন, ভারত ও মিয়ানমারের সাথে কঠিন গ্রুপে পরেছে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর মিয়ানমারের বিপক্ষে প্রথম ম্যাচের পর ২১ ও ২৪ সেপ্টেম্বর বাংলাদেশের পরের দুই ম্যাচ যথাক্রমে ভারত এবং স্বাগতিক চীনের বিপক্ষে।
১৯৭৮ সালে এশিয়ান গেমস ফুটবলে প্রথম অংশ নেয় বাংলাদেশ। এরপর খেলা ২৭ ম্যাচে মালয়েশিয়া, নেপাল, কাতার ও আফগানিস্তানের বিপক্ষে একটি করে মোট ৪টি ম্যাচে জয়লাভ করেছে লাল-সবুজরা।
এবারের এশিয়ান গেমসে ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, আর্চারি, বক্সিং,দাবা, কাবাডি, হকি, শুটিং, সাঁতার, ভারোত্তোলন, কারাতে, জিমন্যাস্টিক, ফেন্সিং, ব্রিজ, গলফ ও তায়কোয়ান্দোসহ মোট ১৭ টি খেলায় অংশ নিবে বাংলাদেশ।