কক্সবাজার সৈকতে শুরু হয়েছে অলিম্পিক গেমস ২০২৪-এর বিচ ভলিবলের দু’টি ইভেন্টের জোনাল বাছাই পর্ব। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম।
উদ্বোধনের পরপরই অনুষ্ঠিত হয় ভারত ও কিরগিস্তানের নারী দলের ম্যাচ এবং ভারত ও ভুটান পুরুষ দলের ম্যাচ। পুরুষ বিভাগের খেলায় ২-০ সেটে ভারত ও নারী বিভাগের খেলায় কিরগিস্তান ২-১ সেটে জয়লাভ করে।
মূলত কক্সবাজারের সৈকতের অপার সৌন্দর্য বিশ্বময় ছড়িয়ে দিতে কক্সবাজারকে আন্তর্জাতিক বিচ ভলিবলের ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে বলে জানা বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কর্তারা। আট দিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ নয়টি দেশের পুরুষ ও মহিলা ভলিবল দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে ভুটান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, ভারত, মালদ্বীপ ও স্বাগতিক বাংলাদেশ।
এ প্রতিযোগিতা চলবে চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত।